
গাজায় ছড়িয়ে পড়ছে স্ক্যাবিস-ডায়রিয়ার মতো রোগ: জাতিসংঘ
গত ৭ অক্টোবর ইসরায়েলের ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের হামলার জবাবে অবরুদ্ধ গাজায় অব্যাহত বর্বর হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী।
এছাড়া গাজা উপত্যকাজুড়ে কঠোর অবরোধ ঘোষণা করে পানি, বিদ্যুৎ, খাবার এমনকি জ্বালানির মত গুরুত্বপূর্ণ সরবরাহ বন্ধ করে দিয়েছে দেশটি। এমন অবস্থায় বেশিরভাগ গাজাবাসীর জন্য বিশুদ্ধ পানি খোঁজা একটি ক্রমবর্ধমান কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
এমন পরিস্থিতিতে বেশিরভাগ গাজাবাসী নোংরা এবং সাগরের পানি পান করতে বাধ্য হচ্ছেন। ফলে পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ছে অবরুদ্ধ এই অঞ্চলটিতে।
জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএর মুখপাত্র জুলিয়েট তোমা বিবিসিকে জানান, “আমরা স্ক্যাবিস এবং ডায়রিয়ার মতো রোগ ছড়ানোর রিপোর্ট পেতে শুরু করছি।“
তিনি জানান, গাজা উপত্যকা জুড়ে তাদের পরিচালিত ৪৫০টি আশ্রয়কেন্দ্র জনাকীর্ণ হয়ে উঠছে। কেন্দ্রগুলোতে ধারণক্ষমতার কয়েকগুণ মোট ৬ লাখ ৭০ হাজার মানুষ অবস্থান করছে। ফলে নোংরা ও বিশুদ্ধ পানির অভাবে সহজেই ছড়িয়ে পড়ছে এসব রোগ।
ইউএনআরডব্লিউএর মুখপাত্র জুলিয়েট তোমা অবিলম্বে যুদ্ধবিরতির প্রয়োজন জানিয়ে বলেন, “একটি মানবিক যুদ্ধবিরতি হওয়া দরকার। গীর্জা, মসজিদ এবং জাতিসংঘের সুবিধাগুলি কোনও জায়গাই নিরাপদ নয়। গাজা খুব দ্রুত নরক-গহ্বরে পরিণত হয়েছে।”



