
শব উৎসব শেষ হয়ে এলে
ঘাসফুল হাওয়ায় দোলে বোধের দরজা আঁটে ভোর
যে পাতাটা মাত্র খসে পড়লো ও জানে
শূন্যতা কতটা ‘শ্মশান’
বোঁটা থেকে খসে পড়লে জমে থাকে জল
ক্রন্দন নিস্ফল জেনেও কেউ কেউ কাঁদে
শোক থেকে সুখ নিয়মমাফিক আসে না।
অথচ, রঙের প্রলেপ মাখি অযথাই
দুঃখবিলাসী মানুষগুলো বোকার মতো হাসে
কেবল খল মানুষের ভিড়ে নীড় বাঁধে না পাখি।
যদি পাল্টে ফেলি মানব জনম হয়ে যাই পাখি
তবে কী অবাক হবে?
বিবর্তন চিরন্তন জেনেও কেন দুঃখ হয়ে ঝরো?
চৈত্রের ছায়া পড়েছে বিকেলের আঙিনায়
হাওয়ায় ভেসে এসে কেন ধূম্রজাল তৈরি করো?



