
মৃত নাগরিকদের সম্পত্তি হাতিয়ে অর্থের পাহাড় গড়ছেন রাজা চার্লস!
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানে এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। যার শিরোনাম হলো ‘ব্রিটিশ রাজা চার্লস মৃত নাগরিকদের সম্পত্তি হাতিয়ে কোটি কোটি পাউন্ডের মালিক’। প্রতিবেদনটি লিখেছেন দ্য গার্ডিয়ানের অনুসন্ধানী সাংবাদিক ডেভিড এলিস। প্রতিবেদনটি ২০২৩ সালের ১৯ জুলাই প্রকাশিত হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটিশ রাজপরিবারের অধীনে থাকা ‘দ্য ডাচি অব ল্যাঙ্কাস্টার’ নামে একটি বিতর্কিত সম্পত্তি থেকে প্রতিবছর বড় অঙ্কের মুনাফা আসে। এ সম্পত্তির অধীনে থাকা ‘বোনা ভ্যাকানশিয়া’ শাখায় মূলত সেসব মৃত নাগরিকের সম্পত্তি রাখা হয়, যারা তাদের সম্পত্তি তাদের আত্মীয়-স্বজন বা কাউকে দিয়ে যাননি অথবা যাদের কোনো উত্তরাধিকার নেই। এসব সম্পত্তি থেকে প্রাপ্ত মুনাফা গোপনে চলে যাচ্ছে রাজা চার্লসের অ্যাকাউন্টে।
এসএ৯ নামের একটি নথিতে দেখা গেছে, মৃত ব্যক্তির সম্পত্তি রাজার সম্পত্তিতে পরিণত করার ছাড়পত্র দেওয়া হয়েছে। এর মাধ্যমে মূলত মৃত ব্যক্তিদের বেওয়ারিশ সম্পত্তিকেই রাজার সম্পত্তিতে পরিণত করা হয়েছে। এসবের মধ্যে গ্রামীণ বাড়ি, খামার, বাড়ি, পেট্রল পাম্পসহ নানা সম্পদ রয়েছে।
এই খবর প্রকাশ্যে আসার পরপরই সেই সব মৃতের আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবদের মধ্যে অসন্তোষ দানা বাঁধতে শুরু করেছে। বিষয়টিকে তারা অত্যন্ত অনৈতিক ও বেদনায়দায়ক বলে মন্তব্য করেছেন। তবে এ নিয়ে বাকিংহাম প্যালেস এখন পর্যন্ত কোনও মন্তব্য করেনি।



