
পাকিস্তানে শপিংমলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১১
পাকিস্তানের বন্দরনগরী করাচির একটি শপিংমলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৫ জন। শনিবার (২৫ নভেম্বর) সকাল ৬টার দিকে আরজে শপিং মল ভবনে এ আগুন লাগে। এখনও সেখানে অনেক আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। খবর এক্সপ্রেস ট্রিবিউন ও ডন।
করাচির মেয়র ব্যারিস্টার মুর্তজা ওয়াহাব সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, আরজে শপিংমলের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এখন পর্যন্ত ১১ জন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও ৩৫ জন। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয় পুলিশ কর্মকর্তা সুমাইয়া সৈয়দ বলেন, এ পর্যন্ত ১০টি মরদেহ হাসপাতালে আনা হয়েছে। তার মধ্যে আটটি মরদেহ জিন্নাহ পোস্টগ্র্যাজুয়েট মেডিকেল সেন্টারে (জেপিএমসি) এবং সিভিল হাসপাতাল করাচি (সিএইচকে) ও আব্বাসি শহীদ হাসপাতালে একটি করে মরদেহ নেওয়া হয়েছে।
ছিপা ওয়েলফেয়ার অর্গানাইজেশনের মুখপাত্র শহিদ হুসেন বলেছেন, আরজে শপিং মলে ধোঁয়া ও আগুনের কারণে ১১ জন মারা গেছে এবং আরও কয়েকজনের অবস্থা গুরুতর।
শারা ফয়সাল স্টেশন হাউস অফিসার (এসএইচও) রাজা তারিক মেহমুদ জানান, শনিবার সকাল ৬টার দিকে করাচির রশিদ মিনহাস রোডের আরজে শপিং মলে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা প্রায় ৫০ জনকে নিরাপদে বের করে আনতে সক্ষম হয়। তবে শপিং মলের ভেতরের দিকে আগুন লাগায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফায়ারসার্ভিস কর্মীদের বেশ বেগ পেতে হয়।
তিনি আরও জানান, আগুন লাগা ভবটি একটি বাণিজ্যিক ভবন। সেখানে শপিং সেন্টার, কল সেন্টার ও সফটওয়্যার হাউস ছিল। তবে তিনি আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানাতে পারেননি। তিনি বলেছেন, উদ্ধার অভিযান শেষ হওয়ার পর তদন্ত সাপেক্ষে আগুন লাগার সঠিক কারণ জানা যাবে।
সিন্ধু প্রদেশের তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী মকবুল বাকার শপিং মলে আটকে পড়াদের দ্রুত উদ্ধার এবং আহতদের অবিলম্বে চিকিৎসা দিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন।



