প্রবাস

নিউ ইয়র্কে সাংবাদিকদের সঙ্গে কনসাল জেনারেলের সাক্ষাৎ

নিউ ইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনসাল জেনারেল মো. নাজমুল হুদা নিউ ইয়র্কের প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ মিডিয়া ব্যক্তিত্বদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। বুধবার (৬ ডিসেম্বর) নিজ কার্যালয়ে এ সাক্ষাৎ করেন তিনি। এসময় কনস্যুলেট জেনারেলের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নবনিযুক্ত কনসাল জেনারেল হিসেবে তিনি তার লক্ষ্য, কর্মপরিকল্পনা ও উদ্যোগ নিয়ে সবাইকে অবহিত করেন। তিনি কনস্যুলেটের সেবার মান উত্তরোত্তর বৃদ্ধিতে কনস্যুলেট জেনারেলের আন্তরিকতা ও নিরলস কর্মপ্রচেষ্টার কথা ব্যক্ত করেন। এরপর তিনি বর্তমান বিশ্ব প্রেক্ষাপট ও বাস্তবতায় সমাজ ও দেশ গঠনে প্রিন্ট, অনলাইন ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ মিডিয়া ব্যক্তিত্বদের তাৎপর্যপূর্ণ ভূমিকার বিষয়ে আলোচনা করেন।

মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আর্থসামাজিক ক্ষেত্রে যে অভাবনীয় উন্নয়ন হয়েছে তা বর্ণনা করে কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হুদা এ ধারা অব্যাহত রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান।

কনসাল জেনারেল অনুষ্ঠানে উপস্থিত মিডিয়া ব্যক্তিত্বদের তাদের দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য আয়নার সঙ্গে তুলনা করে বলেন, তারা ভুল-ভ্রান্তি ধরিয়ে দিয়ে সমাজ ও রাষ্ট্রের অশেষ কল্যাণ সাধন করেন।

তিনি বাংলাদেশের সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের যোগসূত্র রক্ষায় প্রবাসী বাংলাদেশিদের স্বার্থ রক্ষায় সরকারের বিভিন্ন উদ্যোগের প্রচার ও প্রসারে কনস্যুলেট জেনারেলের নিরবচ্ছিন্ন প্রচেষ্টায় প্রিন্ট, অনলাইন ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। এসময় তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ডাকযোগে ব্যালটের মাধ্যমে ভোটদানের বিষয়, সার্বজনীন পেনশন স্কিমসহ বিভিন্ন বিষয় প্রবাসী বাংলাদেশিদের কাছে তুলে ধরার জন্য অতিথিদের অনুরোধ করেন।

উপস্থিত মিডিয়া ব্যক্তিত্বরা নিউ ইয়র্কে বাংলাদেশের ভাবমূর্তি রক্ষায় একটি প্রশস্ত, যুগোপযোগী ভবনে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল স্থানান্তরের দাবি জানান। তারা নিউ ইয়র্কে সোনালী ব্যাংক/বাংলাদেশের যে কোনো রাষ্ট্রায়াত্ত ব্যাংকের পূর্ণাঙ্গ শাখা খোলা এবং নিউ ইয়র্ক মিশনের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র প্রদানের ব্যাপারেও কাজ করার জন্য কনসাল জেনারেলকে অনুরোধ করেন।

এর পরিপ্রেক্ষিতে কনসাল জেনারেল বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের জন্য নতুন প্রশস্ত যুগোপযোগী ভবন কেনার ক্ষেত্রে কনস্যুলেট জেনারেলের উদ্যোগ ও প্রচেষ্টা অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হুদা প্রবাসে জাতীয় পরিচয়পত্র প্রদানে সরকার গৃহীত উদ্যোগের কথা উল্লেখ করে অদূর ভবিষ্যতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল থেকে জাতীয় পরিচয় প্রদানের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। নিউ ইয়র্কে ব্যাংকের শাখা খোলার বিষয়ে প্রবাসীদের দাবি সরকারকে অবহিত করবেন বলেও তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension