
সুদানে ১৫ আমিরাতি কূটনীতিককে অবাঞ্ছিত ঘোষণা
সুদানের পররাষ্ট্র মন্ত্রণালয় রবিবার সংযুক্ত আরব আমিরাতের ১৫ জন কূটনীতিককে অবাঞ্ছিত ঘোষণা করেছে। পাশাপাশি তাদের ‘৪৮ ঘণ্টার মধ্যে’ সুদান ছেড়ে চলে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি বার্তা সংস্থা সুনার বরাত দিয়ে এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
অন্যদিকে সুনার বরাত দিয়ে রয়টার্স বলেছে, সুদানের পররাষ্ট্র মন্ত্রণালয় সংযুক্ত আরব আমিরাতের ভারপ্রাপ্ত চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করেছে এবং তাকে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। এ বিষয়ে আর কোনো বিস্তারিত জানানো হয়নি।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে সেনাপন্থী বিক্ষোভকারীরা এবং সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহানের অনুগত উচ্চপদস্থ কর্মকর্তারা সংযুক্ত আরব আমিরাতকে বুরহানের সাবেক ডেপুটি মোহাম্মদ হামদান দাগলোর নেতৃত্বে থাকা আধাসামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সকে সমর্থন করার জন্য অভিযুক্ত করেছেন। ১৫ এপ্রিল থেকে এ দুই বাহিনীর মধ্যে যুদ্ধ চলছে।
জাতিসংঘের মতে, ১৫ এপ্রিল থেকে দুই বাহিনীর যুদ্ধে ১২ হাজার মানুষ নিহত এবং সাত মিলিয়ন মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
দুই বাহিনীর মধ্যে যুদ্ধবিরতির আলোচনা ধারাবাহিকভাবে ব্যর্থ হয়েছে। কেউই যুদ্ধক্ষেত্রে একটি নিষ্পত্তিমূলক সুবিধা অর্জন করতে সক্ষম হয়নি।
সংযুক্ত আরব আমিরাত আগস্টে ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদনকে অস্বীকার করেছে, যেখানে দাবি করা হয়েছে, সুদানে আমিরাতি সহায়তার চালানে অস্ত্র পাওয়া গেছে। তবে আবুধাবি দাবি করেছে, তারা সংঘাতে কোনো পক্ষ নেয় না।
নভেম্বরের শেষের দিকে সেনাপ্রধান বুরহানের সেকেন্ড-ইন-কমান্ড জেনারেল ইয়াসের আল-আত্তা উগান্ডা, চাদ এবং মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের বিমানবন্দরের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতকে সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধে আরএসএফকে সমর্থন করার জন্য অভিযুক্ত করেন।



