প্রবাস

নিউইয়র্কে জাতীয় প্রবাসী দিবস উদযাপন

নিউ ইয়র্ক: প্রবাসীদের কল্যাণ, মর্যাদা-আমাদের অঙ্গীকার; স্মার্ট বাংলাদেশ গড়ায় তারাও সমান অংশীদার প্রতিপাদ্যকে ধারণ করে নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘জাতীয় প্রবাসী দিবস-২০২৩’ উদযাপন করা হয়েছে।

শনিবার (৩০ ডিসেম্বর) নিউইয়র্কের কনস্যুলেট জেনারেল অফিস জানায়, অনুষ্ঠানের শুরু থেকেই কনসাল জেনারেল মো. নাজমুল হুদা কনস্যুলেটের অন্যান্য কর্মকর্তাসহ আগত সেবা প্রার্থীদের অভ্যর্থনা ও শুভেচ্ছা জানান।

দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর দেওয়া বাণী পাঠ করা হয়। এ উপলক্ষে ঢাকা থেকে প্রাপ্ত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

দিবসটি উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় কনসাল জেনারেল কনস্যুলেটে আগত সব সেবাপ্রার্থীকে জাতীয় প্রবাসী দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। বাংলাদেশের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার মাধ্যমে বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য তিনি সবাইকে ধন্যবাদ জানান। নিউইয়র্ক কনস্যুলেট কর্তৃক দেওয়া কনস্যুলার ও কল্যাণ সেবার সংখ্যা ও মানের বিষয়ে সন্তোষ প্রকাশ করে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশ দূতাবাস ও কনস্যুলেটসমূহ প্রবাসীদের দ্রুত সেবা দিতে সচেষ্ট ও বদ্ধপরিকর বলে তিনি মন্তব্য করেন। আয়োজিত এ অনুষ্ঠানে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের প্রতিনিধিও অংশ নেন।

কনসাল জেনারেল আরও বলেন, অভিবাসীরা বাংলাদেশে রেমিট্যান্স পাঠানোর মাধ্যমে দেশের অর্থনীতির চাকা সচল করার পাশাপাশি আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি কনস্যুলেটে আগতদের বৈধ চ্যানেলে বাংলাদেশে রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানান। বৈধ উপায়ে রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে সরকার ঘোষিত বিভিন্ন প্রণোদনার বিষয়ে তিনি সবাইকে অবহিত করেন। বাংলাদেশ সরকার প্রবর্তিত পেনশন স্কিমে অন্তর্ভুক্ত হওয়ার জন্যও তিনি সবাইকে অনুরোধ জানান।

বাংলাদেশের চলমান অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নের ধারাকে আরও বেগবান করার জন্য প্রবাসীদের অধিকতর বিনিয়োগ, ব্যবসা-বাণিজ্য, প্রযুক্তি হস্তান্তর, দক্ষতা উন্নয়নসহ সার্বিক আর্থ-সামাজিক কর্মকাণ্ডে আরও জোরালো ভূমিকা প্রত্যাশা করেন কনসাল জেনারেল। এ সময় তিনি বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সমৃদ্ধ সংস্কৃতি, মুক্তিযুদ্ধের চেতনা এবং মূল্যবোধকে নতুন প্রজন্মের কাছে সক্রিয়ভাবে তুলে ধরার আহ্বান জানান।

কনস্যুলেটে আগত সেবা প্রার্থীদের ‘জাতীয় প্রবাসী দিবস-২০২৩’ উপলক্ষে মিষ্টিমুখ করানো হয়। উপস্থিত সেবাপ্রার্থীরাও এ উপলক্ষে তাদের অভিমত এবং অনুভূতি ব্যক্ত করেন। সেবাপ্রার্থীরা কনস্যুলেটের সেবায় তাদের সন্তুষ্টি প্রকাশ করে এ বিশেষ আয়োজনের জন্য কনস্যুলেটকে ধন্যবাদ জানান।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension