
গাজাকে বসবাসের অযোগ্য বলল জাতিসংঘ
তিন মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধের কারণে ফিলিস্তিনের গাজা ‘বসবাসের অযোগ্য’ হয়ে পড়েছে বলে উল্লেখ করেছেন জাতিসংঘের মানবিক ও জরুরি ত্রাণ সংক্রান্ত প্রধান।
গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলার প্রেক্ষিতে যুদ্ধের উত্তেজনা ছড়িয়েছে গোটা অঞ্চলে। তিন মাস পরও সংঘর্ষ থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। হামাস নিয়ন্ত্রিত গাজা উপত্যকার সাধারণ নাগরিকদের বিরাট অংশ গৃহহীন হয়ে পড়েছে।
এ ছাড়াও অনেকেরই বাড়িঘর ধ্বংস হয়েছে। বেশ কিছু অংশ এরই মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এতে ‘গাজা বসবাসের অযোগ্য হয়ে পড়েছে’ বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মানবিক ও জরুরি ত্রাণ সংক্রান্ত প্রধান মার্টিন গ্রিফিথস।
গ্রিফিথস বলেছেন, ‘গাজা একেবারেই বসবাসের অযোগ্য হয়ে পড়েছে।
সেখানে মানুষ প্রতিদিন অস্তিত্বের হুমকিতে পড়ছে, সারা বিশ্ব তা অবলোকন করেছে।’
সেখানে অচিরে দুর্ভিক্ষ দেখা দিতে পারে বলেও সতর্ক করেছেন মার্টিন গ্রিফিথস। তিনি বলেছেন, ‘আমরা অব্যাহতভাবে অবিলম্বে যুদ্ধ বন্ধের আবেদন জানাচ্ছি।’ পাশাপাশি সব পক্ষকে আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানান তিনি।
গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলায় প্রায় এক হাজার ২০০ মানুষ নিহত হয়। জিম্মি হয় আরো প্রায় ২০০ জনকে। তাদের মধ্যে এখনো অর্ধেক গাজায় বন্দি আছে। এর প্রতিক্রিয়ায় গাজায় হামাসের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, ইসরায়েল ও আরো কয়েকটি দেশ হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেব চিহ্নিত করেছে।



