কবিতাসাহিত্য

পুরাতন পৃথিবীর শোক

তাহমিদ হাসান


এই রাত, ট্রেনের কামরা ক্ষমাহীন হিংসার
বিভৎস আলপনা আঁকে—তুমি জীবন্ত মানুষ,
পুড়ে যাও অনন্ত অনলে। এইসব অন্ধকার
হয়তো শেষ হবে না, আমাদের হবে না তো হুঁশ।

বেদনা ব্যর্থ, জীবন আজ জঞ্জাল, হৃদয়ে ক্ষোভ,
তবুও বেঁচে আছি; চারিদিকে পিশাচ পাশবিক।
অরণ্যের অনিয়ম সভ্যতার ললাটে; নির্লোভ
মানুষ লুপ্ত প্রায়, কিন্তু লালসায় লিপ্ত অধিক।

সততা মৃত্যু শয্যায়, মিথ্যার মায়াজাল বিদ্ধ করে
চিরায়ত চেতনার মূল; পৌরাণিক প্রতারণায়
ছিল কিছু সততার রেশ—আমাদের কণ্ঠস্বরে
নরকের কঙ্কাল কথা বলে মধুর মূর্ছনায়।

নিয়তি নির্বাসনে, পলাতক বর্তমান, অতীত
বিস্মৃত যেন কালের কবিতা; অসহায় আত্মায়
মহাকাল কাঁদে; নীরবে ধ্বসে পড়ে সমাজের ভিত—
আলোর উৎসের নিচে আঁধার জমিয়াছে হায়!

প্রতিটি মৃত্যুর কথা লেখে শাশ্বত কলমের কালি,
যেহেতু আমরা সময়ের সন্তান; দীপ্ত আলোক
জ্বলিবে আবার, সময় সাজাবে বরণের ডালি;
সেইদিন ভুলে যাবো পুরাতন পৃথিবীর শোক।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension