
তাহমিদ হাসান
বড় অসময়ে চলে গেলে,
এখনো শীতের পাতা ঝরে পড়ে নাই।
হে নিঃসঙ্গ সময়ের কবি,
বড় অভিমানে
জ্বলন্ত যৌবনে
চঞ্চল চুমুক তুমি দিয়েছিলে প্রাণ-পেয়ালায়।
শোকাহত আজ কবিতার খাতা
তোমার কলম এখন কোথায়?
ঝরে গেছে সেই সময়ের পাতা
তোমার কবিতা আজ কাঁদে হায়!
তবু জানি, ফিরিবে না তুমি, আর তোমার সময়।
বোহেমিয়ান বন্ধুরা আজ ভীষণ হিসাবি
বিবেক বিক্রয় করে সাজিয়েছে সংসার;
তৃপ্তির ঢেঁকুর তোলে কেহ পদকের ভারে
কেহ দেখে হৃদয়ের গভীরে অসীম আকাশ;
সদ্য যুবতী-কে আর রমণী বলে না কেহ তোমার মতন।
ঢাকার হৃদয়ে আজ আঘাত হেনেছে
যুথচারী পঙ্গপাল, প্রতারণার কলায় মত্ত বুদ্ধিজীবী,
সোনার শেকল পরে নাচে বিদগ্ধ বিদ্যান
বিপন্ন বিবেক কাঁদে কবিতার খাতার পাতায়;
হে ক্লান্ত কালের কবি, বড় অসময়ে চলে গেলে!



