
হাফিজুর রহমান
আবেগের গলা চেপে ভালোবাসার মৃত্যু দিলাম
স্বর্গের সমাধি হবে তোমারই সুখে!
অপবাদের কলঙ্ক ঘাড়ে নিয়ে সেলাম পৃথিবী
ভালোবাসার কথা আর বলিনা মুখে।
লালিত হবে যন্ত্রণা, চাপা সব বেদনার বুকে
কষ্ট কুটিরে জমানো নষ্টের পাহাড়,
প্রতিনিয়ত হাসি ভরা মুখে ভাসে ক্লান্তি প্লাবনে
কেঁদেই ফিরি চোখের জলে বারবার।
চঞ্চলা উতলা পাখির ডানার বাঁধন খুলেই দিলাম
উড়তে আকাশে মুক্ত বাতাসে নিশ্চিন্তে,
খুলে দিলাম দায়ের শেকল পরতে পায়ে নূপুর
থাকবে না সন্ধ্যা-দুপুর, রিনিঝিনি বাজতে।
তুলে নিলাম দাবি সব, হারের বাজিতে—
ত্যাগে তরী করেছে ভারী বিষাদ নদীর!
হাজার স্মৃতি থাকবে জমা গভীরে তাঁর
বোবা কান্নার ঢেউ, দেখতে ব্যস্ত বধির।



