
মমতা মজুমদার
আমাকে নিয়ে গল্প লিখবে এমন মানুষ কই!
এমন একটা মানুষ কোথাও পেলাম না আমি,
যে আমাকে ভেঙেচুরে সাজাবে তার হৃদয়ের ফুলদানিতে;
কিংবা উপন্যাসের চরিত্রে ফুটিয়ে তুলবে আপন মনে।
এমন একটা মানুষ থাকুক, যে আমায় কল্পনার
রাজ্যের রানি করে রাখবে।
নিজেকে ভাববে সম্রাট শাহজাহান আর আমি
তাঁর প্রিয় মমতাজ।
তাজমহলটা নাই বা হলো, তাতে কি?
ভালোবাসার সিংহাসনে রোজ রোজ আমিও
বসে স্বপ্ন ছুঁবো।
কথার আল্পনা এঁকে যাবো কেবল ওই প্রেমিক বুকে।
বুকের খাতায় জমে রাখা ভালোবাসার রঙ দিয়ে সাজানো হয় না এখন আর নিজেকে;
ঠোঁটে আঁকা হয় না আর গাঢ় রক্তজবার অবয়ব।
আমি না হয় গল্পের মতই মিশে রবো তাঁর হৃদয় ছুঁয়ে।
শুধু এমন একজন মানুষ থাক, যার সকাল বিকেল সন্ধ্যাবেলা;
কিংবা নিঝুম রাতের বেলায় গল্পগুলোর পূর্ণতা পাক।
আমায় নিয়ে ভাবুক একটু, লিখুক শত কবিতা!
পাতায় পাতায় রচিত হোক একটা প্রেমকাব্যের উপাখ্যান।



