
নাসরীন জামান
নন্দিনী, কথা ছিল নীল শাড়িটা পড়বে আজ
প্রতিক্ষার অস্থির সময়গুলো পার করে
বাসন্তীরঙা ওড়নার আঁচল দুলিয়ে তুমি এলে,
আমিও আজ হাতে রাখিনি কোনো কাজ। চলো—
ঘুরে আসি কাঁটাবন, ক্লাস ফাঁকি দিয়েছি যখন,
এরপর টিএসসিতে দাঁড়িয়ে ফুসকা খাবো দুজনে।
আজকের বাতাসটা কতটাই বেহায়া দেখ,
কাছে এসে উড়িয়ে নিলো তোমার ওড়নাটাকে,
আমাকে লজ্জা পাইয়ে দিল ভীষণ।
ঐযে, ঐ আমের মুকুলের উঁচু শাখায় বসে
একটা কোকিল কাকে যেন ডাকছে উদাস সুরে।
এই, তোমাকে নয় তো? যাবে কি ওর ডাকে?
তুমিও তো উড়ুউড়ু ভীষণ এখন,
আমিও কি কোথাও হারাচ্ছি আমার মন?
দেখ দেখ, চারদিকে তাকাও চোখ তুলে,
কেমন উৎসব উৎসব রব আজ চারপাশ জুড়ে।
শিমুল ফুটেছে, পলাশ ফুটেছে, বনতল লালে লাল,
আমারও যে কি হলো? কোথায় কি হারালাম?
ভালো লাগে না যে কিছুই আজকাল।
নন্দিনী, তুমিও কি কিছুই বুঝেও বোঝোনি?
ঐ হলুদ গাঁদারাও ডাকছে কাকে তার নীড়ে,
তবে কি আবার বছর ঘুরে ফাগুন এলো ফিরে।



