ভারত

বিতর্কিত নাগরিকত্ব আইন কার্যকরের প্রতিবাদে ভারতজুড়ে বিক্ষোভ

ভারতে বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) কার্যকরের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়েছে। এ আইনের মাধ্যমে মুসলিমদের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হয়েছে বলে সমালোচনার ঝড় উঠেছে। সিএএ আইনটি কার্যকরের ঘোষণার পরপরই গতকাল মঙ্গলবার (১২ মার্চ) আসামে বিক্ষোভ শুরু হয়। এছাড়া দেশটির পশ্চিম বঙ্গেও গতকাল বিক্ষোভের খবর পাওয়া গেছে। খবর ডন।

স্থানীয় প্রশাসনের বরাতে গণমাধ্যমটি জানিয়েছে, সোমবার সন্ধ্যায় ওই আইন কার্যকরের ঘোষণার পরপরই ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য আসাম এবং দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে রাস্তায় নামেন বিক্ষোভকারীরা।

তবে এখনো নিরাপত্তা বাহিনীর সঙ্গে কোনো সংঘর্ষের খবর পাওয়া যায়নি।

সিএএ আইনের মাধ্যমে ভারতে প্রতিবেশি দেশগুলো থেকে পালিয়ে আসা অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব প্রদানের বিধান কার্যকরের ঘোষণা দেয়া হয়েছে। এক্ষেত্রে মুসলিমদের সঙ্গে বৈষম্য করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে এই অভিযোগকে তোয়াক্কা না করেই এ আইন কার্যকরের ঘোষণা দিয়েছে মোদি সরকার। ফলে দেশটি জুড়ে প্রতিবাদে নেমেছে বিভিন্ন রাজনৈতিক দল।

এই আইন কার্যকরের প্রতিবাদে পশ্চিমবঙ্গে আজ বুধবার বিক্ষোভের ডাক দিয়েছে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস। দলটির নেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি এই আইন মানেন না। একই কথা বলেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন ও কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নও।

সোমবার ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সিএএ কার্যকর হয়েছে। যদিও এই আইন চার বছর আগে পাস করেছিল শাসক দল বিজেপি। তবে কার্যকর করতে পারেনি। আইন অনুসারে, ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে যেসব হিন্দু, খ্রিষ্টান, বৌদ্ধ, শিখ, জৈন ও পার্সিধর্মীয় সংখ্যালঘু সাম্প্রদায়িক নির্যাতন ও নিপীড়নের কারণে ভারতে এসেছেন, তাদের নাগরিকত্ব দেওয়া হবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension