
কোমল দাস
বলল কেঁদে কাকের ছানা খাব না এই খাবার
বাইরে গিয়ে ভালো কিছু আনো না মা আবার,
মা কাক বলে খাও না বাবা ভালো খাবার এটাই
আমরা তো কাক সারাজীবন এতেই ক্ষুধা মেটাই।
বলছ তবু কেন বাবা টাটকা খাবার খাবে
বাঁচার মতো খাদ্য তবে কোথায় বলো পাবে?
ঐ দেখো বাপ ভেজাল খাবার খাচ্ছে মানুষেরাও
রাগ করো না এই খেয়ে নাও মুখটা এদিক ফেরাও।
খাদ্যে ভেজাল ইচ্ছে মতো দিচ্ছে ভেজালকারী
ইচ্ছে হলেই তাই তো ভেজাল ছাড়তে যে না পারি,
মাঝেমাঝেই বুকে তবু দেয় মুক্তির ডাক
ধরা থেকে ভেজালকারী ধ্বংস হয়ে যাক।



