কলকাতায় জনসভার অনুমতি পেলেন না বিজেপি সভাপতি
রূপসী বাংলা ডেস্ক:পশ্চিমবঙ্গের কলকাতায় জনসভা করার অনুমতি পেলেন না ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি(বিজেপি)’র সভাপতি অমিত শাহ। আগস্টে রানি রাসমণি রোডে অমিত শাহের সভা করার কথা ছিল। সেই সভারই অনুমতি খারিজ করে দিল কলকাতা পুলিশ।
বছর ঘুরলেই লোকসভা নির্বাচনে। বিজেপির চোখ এখন ২০১৯। আসন্ন লোকসভা নির্বাচনে দিল্লি থেকে মোদি সরকারকে উৎখাতে ডাক দিয়েছে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস। দেশব্যাপী অ-বিজেপি শক্তিগুলোকে নিয়ে বিরোধী জোটের ডাক দিয়েছে তৃণমূল। এ রাজ্যে তৃণমূলের টার্গেট ৪২-এ ৪২টি আসনই জয় করা।
কিন্তু বিনা যুদ্ধে এক ইঞ্চি জমি ছাড়তে রাজি নয় গেরুয়া শিবিরও। আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির চোখ বাংলায়। বঙ্গভূমে পদ্ম ফুটাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দফায় দফায় রাজ্যে মোট ১৩টি জনসভা করতে পারেন বলে দলীয় সূত্রে খবর।
শুধু মোদি নয়, ইতিমধ্যেই কয়েক বার রাজ্যে ঘুরে গিয়েছেন বিজেপি সভাপতি অমিত শাহ। রণকৌশলের ঘুঁটি সাজাতে দফায় দফায় বৈঠক করেছেন বিজেপি নেতাকর্মীদের সঙ্গে। বাংলা বিজয়ের লক্ষ্যে একাধিক রণনীতির ঘোষণা করেছেন।
আগামী ১১ আগস্ট কলকাতার রানি রাসমণি রোডে যুব সমাবেশ করার কথা ছিল অমিত শাহের। কিন্তু বিজেপি সভাপতির সেই সভার অনুমতি বাতিল করল কলকাতা পুলিশ।
কিন্তু কী কারণে সভার অনুমতি বাতিল করা হলো?
কলকাতা পুলিশের পক্ষ থেকে বিজেপিকে জানানো হয়েছে, এখানে কংগ্রেস আগেই সভা করার জন্য অনুমতি চেয়েছে। তাই একই জায়গায় দুটি রাজনৈতিক দলকে সভা করতে অনুমতি দেয়া সম্ভব নয়।
এই ঘটনায় যারপরনাই ক্ষুব্ধ গেরুয়া শিবির। এর পিছনে রাজ্য প্রশাসনের চক্রান্তের গন্ধ পাচ্ছে বিজেপি।
রাজ্য বিজেপির পক্ষ থেকে, ইতোমধ্যেই জানানো হয়েছে, এই ইস্যুতে হাইকোর্টে যাচ্ছেন তারা। অন্যদিকে বিকল্প হিসেবে শ্যামবাজার পাঁচ মাথার মোড়েও সভা করার ভাবনাচিন্তা করছে তারা।
সূত্র: জি নিউজ



