
সাঈদুর রহমান লিটন
এবার ঈদে ঈদ করবো ছোট্ট মামার বাড়ি
ছোট্ট মামা গ্রামে থাকে যাবো চড়ে গাড়ি,
ফরিদপুরের নর্থচ্যানেলে থাকে ছোট্ট মামা
মামা নাকি দেবে এবার রঙিন একটি জামা।
সেই জামাটি পরে এবার ঈদ গাহেতে যাবো,
হাপুস হুপুস ফিরনি পোলাও পেটটি ভরে খাবো,
ঘুরবো এবার ভাই বোনেরা ইচ্ছা মতো যত
সারাটাদিন নানান খেলায় থাকবো সবাই রত।
নানা নানী রাগ করিবে ধরবো শেষে কান
ঘুস হিসেবে এনে দিবো জর্দা দেওয়া পান,
গাল ফুলিয়ে, লাল ঝরিয়ে বলবে নানা জান
একটু পরে আবার খেলো এখন খেয়ে যান।
মামীর সাথে বায়না ধরবো ঘড়ি দিবে কিনে
ঐ দোকানে দেখে এলাম তৈরি নাকি চিনে,
কালো রঙের ঐ ঘরিটা আমার লাগে ভালো,
সেই ঘড়িটা কিনে মামী মুখ করিবে আলো।
মামার বাড়ি ঈদের দিনে সব’চে মজা হয়
মামার বাড়ি শাসন ত্রাসন নাইকো মনে ভয়,
শুধুই থাকে মজার সাগর সেই সাগরে ভাসি,
নানা হাসে নানী হাসে তাদের সাথে হাসি।



