আন্তর্জাতিক

রাশিয়ার হয়ে নাশকতার চক্রান্তের সন্দেহে জার্মানিতে দুইজন গ্রেপ্তার

ইউক্রেনে জার্মানির সামরিক সহায়তা বানচাল করতে দুই জার্মান-রুশ নাগরিক এই নাশকতার পরিকল্পনা করেছিলেন- বলছেন জার্মান কৌঁসুলিরা।

রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তিতে নিয়োজিত দুই জার্মান-রুশ নাগরিককে নাশকতার চক্রান্ত করার সন্দেহে জার্মানির দক্ষিণাঞ্চলীয় বাভারিয়া রাজ্যে গ্রেপ্তার করেছে পুলিশ।

ইউক্রেইনে জার্মানির সামরিক সহায়তা বানচাল করতে এই দুই নাগরিক মার্কিন বাহিনী পরিচালিত সামরিক স্থাপনাসহ অন্যান্য সামরিক স্থাপনায় এই নাশকতার পরিকল্পনা করেছিলেন।

বৃহস্পতিবার এমনই অভিযোগ করেছেন জার্মানির ফেডারেল কৌসুলিরা। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, কর্তৃপক্ষ “সম্ভাব্য বিস্ফোরক হামলা ঠেকিয়েছে।”

সন্দেহভাজন এই দুই ব্যক্তির বিরুদ্ধে বিদেশি গোয়েন্দা বিভাগের হয়ে কাজ করার অভিযোগ আছে। কর্তৃপক্ষ তাদের বাড়িতে এবং কর্মক্ষেত্রে তল্লাশি চালিয়েছে।

এদের একজনের নাম ডিটার এস এবং অপরজন আলেক্সান্ডার জে। ডিটার এস. ২০২৩ সালের অক্টোবর থেকে রাশিয়ার এক গোয়েন্দা এজেন্টের সঙ্গে যোগাযোগ রেখে এসেছেন এবং কয়েকটি হামলার ছক কষেন বলে কৌঁসুলিরা জানিয়েছেন।

জার্মানির সামরিক স্থাপনা ও শিল্প এলাকাগুলোতে বোমা হামলা চালানো এবং অগ্নিসংযোগের জন্য প্রস্তুত থাকার কথা ডিটার এস. ঐ রুশ গোয়েন্দা এজেন্টকে জানিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে ৷

হামলার নিশানার ছবি ও ভিডিও সংগ্রহ করেছিলেন ডিটার এস.৷ তিনি ২০১৪ সালের ডিসেম্বর থেকে ২০১৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত ইউক্রেইনের পূর্বাঞ্চলের স্বঘোষিত রুশপন্থি ‘দোনেৎস্ক পিপলস রিপাবলিক’ বা ডিপিআর সংগঠনের সশস্ত্র ইউনিটের সদস্য ছিলেন বলেও অভিযোগ আছে৷

দ্বিতীয় সন্দেহভাজন আলেক্সান্ডার জের বিরুদ্ধে অভিযোগ, তিনি গতমাস থেকেই ডিটার এস. কে যেসব জায়গায় হামলার পরিকল্পনা করা হয়েছিল, সেই জায়গাগুলো চিহ্নিত করতে সাহায্য করেছিলেন। বৃহস্পতিবার আদালতে হাজির করার কথা রয়েছে আলেক্সান্ডার জে কে।

নিউজ ম্যাগাজিন ডেয়ার স্পিগেল বলেছে, সম্ভাব্য হামলা স্থানের মধ্যে ছিল বাভারিয়া রাজ্যে অবস্থিত গ্রাফেনভ্যোর সেনাঘাঁটি; যেখানে ইউক্রেইনের সেনারা যুক্তরাষ্ট্রের আব্রামস ট্যাঙ্ক ব্যবহারের প্রশিক্ষণ নেন৷

জার্মান কর্তৃপক্ষ বলছে, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেইনে আগ্রাসন শুরুর পর থেকে জার্মানি কিইভের সবচেয়ে বড় সামরিক সাহায্য সরবরাহকারী দেশ হয়ে উঠেছে। ফলে দেশটি রাশিয়ার গুপ্তচরগিরির প্রধান নিশানা হয়ে দাঁড়িয়েছে।

জার্মান পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, “আমাদের নিরাপত্তা কর্তৃপক্ষ সম্ভাব্য বোমা হামলা ঠেকিয়েছে। যে হামলার উদ্দেশ্য ছিল ইউক্রেইনে আমাদের সামরিক সহায়তা দেওয়ার পদক্ষেপ বানচাল করা।”

বিবিসি জানায়, দুইজন গ্রেপ্তার হওয়ার পর জার্মানির পররাষ্ট্রমন্ত্রণালয় বার্লিনে রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করেছে। রাশিয়ার এই মারাত্মক গুপ্তচরবৃত্তিক তৎপরতার নিন্দা জানিয়েছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension