
তোমার জন্য এক পৃথিবী অভিযোগ তোলা আছে,
তোমার জন্য এক পৃথিবী অভিমান জমে আছে,
তোমার জন্য এক পৃথিবী অনুনয় নিয়ে আছি,
তোমার জন্য পৃথিবীর কোনো অবহেলা নেই কাছে।
কথা ছিল সেই কুয়াশার ভোরে পাশে থেকে হাঁটবে,
শীত সন্ধ্যায় বুকের ভেতর আগলে আমায় রাখবে,
কুসুম কুসুম সুখের কাছে লাজশরমে বইলে,
সুখের পরশ লাগিয়ে দিয়ে বসত গড়িয়ে দিবে।
তোমার জন্য জমা হয়ে আছে বুক ভরা অভিমান,
অবহেলা চোখে জল জমিয়েছে আকাশের সমান,
তোমার জন্য ভেসেছিল মন মায়ার শুভ্র সাগরে,
অভিমানী বুকে কান্না জমেছে না পাওয়ার আদরে।
তোমার জন্য আমার একটি লগ্ন সাজানো আছে,
তোমার জন্য আমার অনেক স্বপ্ন লুকানো আছে,
তোমার বুকে আমার জন্য পৃথিবী বানানো থাক,
তোমার হৃদয় মনকেলি করা সুখ-ছোঁয়া পেয়ে যাক।



