
আসাদুজ্জামান খান মুকুল
কাজী নজরুল এসেছিলে তুমি
হয়ে চেতনার কবি,
তোমার পরশে উদিত হয়েছে
আলোক রাঙা রবি!
মানুষে সেবিতে এসেছ ধরায়
হয়ে বিধাতার দান,
ভাঙনের কূলে বসিয়া তুমিই
গেয়েছ গড়ার গান।
সততাকে সদা করেছ লালন
ঊর্ধ্বে তুলে ধরি,
সাম্যবাদের ঝাণ্ডা উড়িয়ে
অসাম্যে গেছ লড়ি!
দ্রোহের আগুন জ্বালিয়ে দিয়েছ
তোমার লেখনী মাঝে,
প্রলয় তুফান তুলেছিলে তুমি
ভাঙতে বৃটিশ রাজে।
মানবতার কবি সাম্যের কবি
বিদ্রোহী কবি তুমি,
তোমার অসিতে জাতিভেদ প্রথা
লুটিয়ে পড়েছে ভূমি।



