
শেখ মোমতাজুল করিম শিপলু
প্রহরী তাই দেই পাহারা
অতন্দ্রে নিঁদ ফেলে,
মালামাল সব রক্ষা করি
লন্ঠন হাতে জ্বেলে।
দায়িত্বটা ভারি অতি
কেউ বোঝেনা মর্ম,
নিকৃষ্ট আজ ভাবছে সবে
প্রহরীর এই কর্ম।
পোকামাকড় মশার কামড়
নিত্য নাচায় রাতে,
উৎপাতে চোর দস্যু ডাকাত
প্রাণটা থাকে হাতে।
আত্মকথা মর্ম ব্যথা
হুজুর মজুর ভাবে,
না পায় তারা ন্যায্যমূল্য
ভালো কিবা খাবে
স্ত্রী পুত্র কন্যা স্বজন
সবার মায়া ছেড়ে,
মাসের শেষে মাইনে চাইলে
কাটছাঁটে নেয় কেড়ে।
উৎসর্গ প্রাণ কর্মের মাঝে
ধর্ম ভেবে মনে,
ন্যায্য মাইনে দেয়না কেহ
দুঃখ প্রতি ক্ষণে।



