
ম্যারাডোনার ট্রফি বিক্রি স্থগিত করলো ফরাসি নিলাম ঘর
ফুটবল কিংবদন্তি প্রয়াত দিয়েগো ম্যারাডোনার একটি ট্রফির নিলাম স্থগিত করেছে ফরাসি নিলাম ঘর আগুতেস। চলতি সপ্তাহে ট্রফিটির নিলাম করার কথা জানিয়েছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যদিও আদালতের রায়ে ট্রফিটি নিলাম করার ক্ষেত্রে কোনো বাধা নেই, তবে ম্যারাডোনার পরিবার ট্রফিটি চুরি হয়েছে বলে অভিযোগ করায় এর তদন্ত শুরু করেছে ফ্রান্সের বিচার বিভাগ। এতে কিছুটা জটিলতা তৈরি হওয়ায় আপাতত ট্রফিটির নিলাম স্থগিত করেছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। এ খবর দিয়েছে অনলাইন আরব নিউজ।
এতে বলা হয়েছে, ১৯৮৬ সালের বিশ্বকাপে সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়ায় গোল্ডেন বল জিতেছিলেন ম্যারাডোনা। পরে ট্রফিটি চুরি হয়েছে বলে দাবি করেছেন তার পরিবার। কিন্তু নিলামকারী প্রতিষ্ঠান আগুতেস জানিয়েছে প্যারিসের নিলামে একটি ব্যক্তিগত সংগ্রহ থেকে অর্জিত অন্যান্য লটের মধ্যে ২০১৬ সালে ওই ট্রফিটি অধিগ্রহণ করা হয়েছে।
প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে বলেছে, ‘ম্যারাডোনা সবসময় আবেগের একটি জায়গা তৈরি করেছেন এবং আদালতের সাম্প্রতিক রায় অনুযায়ী ট্রফিটির নিলামে কোনো বাধা না থাকলেও আমাদের লক্ষ্য হল ক্রেতা ও বিক্রেতা উভয়ের জন্যই সম্ভাব্য সর্বোত্তম পরিস্থিতিতে নিলামের আয়োজন করা। তবে এখনও নিলামের নতুন তারিখ নির্ধারণ করা হয়নি।
ফরাসি বিচার বিভাগীয় কর্মকর্তারা গত মাসে কথিত চুরি হওয়া পণ্যের পুনঃবিক্রয় সংক্রান্ত অভিযোগ পেয়ে এ ট্রফির বিষয়ে তদন্ত শুরু করেন। তবে এরমধ্যেই গত বৃহস্পতিবার নিলাম ইস্যুতে রায় দিয়েছে আদালত। কিন্তু এখনও বিচার বিভাগীয় তদন্ত চলমান থাকায় ট্রফিটির নিলাম স্থগিত করা হয়েছে।
এক্ষেত্রে ন্যান্টেরের প্রসিকিউটর বলেছেন, আদালতের রায় তদন্তে প্রভাব ফেলেনি, যা এখনও চলছে।
ম্যারাডোনার গোল্ডেন বলটি কয়েক দশক ধরে রহস্যজনকভাবে নিখোঁজ ছিল। ফুটবল কিংবদন্তির উত্তরাধিকারীরা দাবি করেছেন যে ট্রফিটি চুরি হয়েছে। এছাড়া এই গোল্ডেন বলটির মালিকানা দাবি করা ফ্রান্সের নিলাম ঘরের এটি বিক্রি করার অধিকার নেই বলেও দাবি ম্যারাডোনার পরিবারের।
আগুতেস বলেছে- প্যারিসের নিলামে একটি ব্যক্তিগত সংগ্রহ থেকে অর্জিত অন্যান্য লটের মধ্যে ২০১৬ সালে ওই ট্রফিটি পাওয়া যায়। আগুতেস দাবি করেছে যে কয়েক বছর আগে তারা যখন ট্রফিটি কিনেছিলেন তখন তারা জানতেন না যে এটি চুরি হয়েছে।
ম্যারাডোনা ১৯৮৬ সালে চ্যাম্পিয়নস-এলিসিস-এ লিডো ক্যাবারের এক অনুষ্ঠানে এই পুরস্কার পান। পরে ট্রফিটি আশ্চর্যজনকভাবে উধাও হয়ে যায়। কথিত আছে ঋণ পরিশোধ করতে ম্যারাডোনা নিজেই এই ট্রফিটি বিক্রি করে দেন। আবার অনেকের মতে ম্যারাডোনা নেপলসের একটি ব্যাংকে ট্রফিটি সংরক্ষণ করেছিলেন, পরে ১৯৮৯ সালে স্থানীয় ডাকাতরা ছিনতাই করে নিয়ে যায় এটি। তবে পরিবারের দাবি ট্রফিটি ব্যাংক থেকে চুরি হয়েছে।
২০২০ সালে ৬০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ফুটবলের কিংবদন্তি তারকা খেলোয়াড় ম্যারাডোনা। নিলামে ম্যারাডোনার অর্জিত ট্রফিটি কয়েক লাখ ডলারে বিক্রি হবে বলে আশা করছে ফরাসি নিলাম ঘর আগুতেস।



