
আটলান্টিক সিটিতে ১১ জুন বিএএসজের ঈদ বাজার
সুব্রত চৌধুরী: নিউ জারসি রাজ্যের আটলান্টিক সিটিতে ফেয়ারমাউন্ট অ্যাভিনিউয়ের বাংলাদেশ কমিউনিটি সেন্টারেআগামী মঙ্গলবার (১১ জুন) বিএএসজে ‘ঈদ বাজার’ আয়োজন করবে। ওইদিন দুপুর ৩টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত ‘ঈদ বাজার’ চলবে। যৌথভাবে এর আয়োজন করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সি ও বাংলাদেশ কমিউনিটি সেন্টার। পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে ঈদ বাজারে প্রবাসী বাংলাদেশি, ভারতীয় ও পাকিস্তানি ব্যবসায়ীরা তাদের বিভিন্ন ধরনের বাহারি পণ্যের পসরা সাজিয়ে বসবেন। স্টলগুলোতে শাড়ি, সালোয়ার-কামিজসহ মেয়েদের হাল ফ্যাশনের পোশাক, পুরুষদের পাঞ্জাবি, ছোট শিশুদের বাহারি পোশাক ও বিভিন্ন ডিজাইনের অলংকার ইত্যাদি পাওয়া যাবে।
ঈদ মেলার আয়োজকদের পক্ষে বিএএসজে সভাপতি জহিরুল ইসলাম বাবুল জানান, প্রবাসী বাংলাদেশিদের বিদেশের মাটিতে দেশের ঈদের আমেজের একটুকু ছোঁয়া দেওয়ার জন্যই তাদের এই প্রয়াস।



