
আসাদুজ্জামান খান মুকুল
স্বপন সাগরে ভাসিয়ে তরণী
খুঁজছি সুখের কূল,
চেয়েছি জীবন সাজাতে আমার
স্বর্গের সমতুল!
অকস্মাতেই ঝঞ্ঝা আসিয়া
ছিঁড়িয়া তরীর পাল,
ভাসাল আমায় অকূল সায়রে
হারাল চলার তাল।
সঙ্গী সাথীরা পাশে ছিল যারা
বাঁচায় আপন প্রাণ,
তরঙ্গায়িত তরণীতে ভেসে
গাই বিষাদের গান।
যাহাদের ঘিরে সুখের রচনা
করেছি জনম-ভর,
প্রমত্ত ঝড়ে পড়িয়াছি বলে
সকলে করিছে পর।
লালন করেছি যত না স্বপন
অনলে পুড়িয়া ছাই,
বুঝিয়াছি শেষে কূলহারা হয়ে
আপনার কেহ নাই।



