
মাইকেল ভেঙেছিল পয়ারের কঠোর বন্ধন,
বাংলা কবিতা পেলো মধুময় মুক্তির আস্বাদ;
মুক্ত বিহঙ্গের মতো উড়ে গেলো আমাদের মন,
আকাশে উঠেছে ভেসে পলাতক পূর্ণিমার চাঁদ।
রবীন্দ্রনাথ দেখেছে এক মহা মৃত্যুর মিছিল,
ছন্দের, সুরের মালা গেঁথে দিয়েছেন প্রেমাঞ্জলি;
আনন্দ ধারার সাথে মিশায়েছে বেদনার নীল,
তাঁহার হাতের স্পর্শে প্রাণ পেলো মৃত্যুর পদাবলি।
আল মাহমুদ মুগ্ধ করেছেন সোনালি কাবিনে,
কবিতার বুকে দেখি সনেটের রূপের বাহার;
এখনো আমার মন করে সেই যুগে বসবাস।
এঁকেছিলে বাংলার রূপ মেঘের বিষণ্ন দিনে,
ধানসিড়ি নদী-তীরে জমে আছে ব্যাথার পাহাড়;
তোমার বিরহে কাঁদে চিল, হে জীবনানন্দ দাশ!



