
মুনকে উত্তর কোরিয়া সফরের আমন্ত্রণ জানিয়েছেন কিম
রূপসী বাংলা ডেস্ক:দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইনকে পিয়ংইয়ং সফরের আমন্ত্রণ জানিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। এ ঘটনাকে উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বড় ধরনের কূটনৈতিক অগ্রগতি বলে মনে করা হচ্ছে।
দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠানরত শীতকালীন অলিম্পিকে উত্তর কোরিয়ার গুরুত্বপূর্ণ প্রতিনিধিদল পাঠানোর পর এই খবর বের হলো। প্রতিনিধিদলে রয়েছেন কিম জং উনের বোন কিম ইয়ো জং।
শীতকালীন অলিম্পিক শুরু হওয়ার আগে শনিবার সিউলে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট প্রাসাদ ব্লু হাউজে প্রেসিডেন্ট মুন জে ইনের সঙ্গে বৈঠক করেন কিম জং উনের বোন কিম ইয়ো জং। এ সময় তিনি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে আনুষ্ঠানিকভাবে পিয়ংইয়ং সফর করার আহ্বান জানান। তার হাতে তুলে দেন কিমের পাঠানো একটি হাতে লেখা আমন্ত্রণপত্র। তিনি প্রেসিডেন্ট মুনকে ‘যত দ্রুত সম্ভব’ উত্তর কোরিয়া সফর করার তাগিদ দেন। কিম ইয়ো বলেন, তার ভাই কিম প্রেসিডেন্ট মুনের সঙ্গে সাক্ষাৎ করতে উদগ্রীব হয়ে আছেন।
ব্লু হাউস প্রাসাদের এক মুখপাত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।



