
চীনকে বার্তা দিতে ভারতকে ‘বিশেষ মর্যাদা’ যুক্তরাষ্ট্রের
রূপসী বাংলা ডেস্ক:চীনকে কড়া রাজনৈতিক বার্তা দিতে ভারতকে খুশি করল। তার জন্য এমনকি, প্রথাও ভাঙা হলো। প্রতিরক্ষায় ও মহাকাশকে বেসামরিক ক্ষেত্রে ব্যবহারের জন্য এ বার সর্বাধুনিক মানের মার্কিন প্রযুক্তি কিনতে পারবে দিল্লি। তার জন্য স্ট্র্যাটেজিক ট্রেড অথরাইজেশন বা কৌশলগত বাণিজ্য অনুমোদন (এসটিএ-১) তালিকায় ভারতের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপ (এনএসজি)-এর সদস্য না হওয়া সত্ত্বেও ভারতের নাম অন্তর্ভুক্ত করা হলো এসটিএ-১ তালিকায়। যা নজিরবিহীন।
এনএসজি-র সদস্য না হওয়ায় ‘বন্ধু দেশ’ ইসরায়েলকেও এসটিএ-১ তালিকায় রাখেনি যুক্তরাষ্ট্র।
বিশেষজ্ঞরা বলছেন, এরপরেও ভারতের নাম ওই তালিকায় অন্তর্ভুক্ত করে চীনকে রাজনৈতিক বার্তা দিতে চেয়েছে ট্রাম্প প্রশাসন।
হোয়াইট হাউসের পছন্দের ন্যাটো জোটের দেশগুলি আর এশিয়ার জাপান ও দক্ষিণ কোরিয়ার নামও রয়েছে এই তালিকায়। ভারত ছাড়া যে দেশগুলির নাম রয়েছে এই তালিকায়, তারা সকলেই এনএসজি-র সদস্য।
নিয়ম অনুযায়ী, ওই দেশগুলি মিসাইল টেকনোলজি কন্ট্রোল রেজিম (এমটিসিআর), অস্ট্রেলিয়া গ্রুপ ও ভাসিনার এগ্রিমেন্টেরও সদস্য। ভারত বাকি তিনটি গ্রুপে থাকলেও এখনও এনএসজি-র সদস্য হতে পারেনি।
মার্কিন প্রশাসনের কয়েকটি শর্ত মানতে চায়নি বলে। তবে যুক্তরাষ্ট্রের সমর্থনের জোরেই এর আগে এমটিসিআর, অস্ট্রেলিয়া গ্রুপ ও ভাসিনার এগ্রিমেন্টের সদস্য হতে পেরেছিল ভারত।
এ বার চীনকে বার্তা দিতে ট্রাম্প প্রশাসন শুক্রবার যে বিজ্ঞপ্তি জারি করেছে, তার ফলে, ভারতই একমাত্র পরমাণু শক্তিধর দেশ, যা এনএসজি-র সদস্য না হয়েও এসটিএ-১ তালিকায় ঢুকে পড়ল।
তবে দক্ষিণ এশিয়া থেকে ভারতই প্রথম দেশ ওই তালিকায় গেল। এসটিএ-১ তালিকায় ভারতের স্থান হলো ৩৭তম।



