
রাজ্যে কালাদিবস পালিত তৃণমূলের
রূপসী বাংলা ডেস্ক:অসমের এনআরসি’র প্রতিবাদে শনিবার রাজ্যজুড়ে কালাদিবস পালন করল তৃণমূল। আজ, রবিবারেও কালাদিবস পালিত হবে। এনআরসি’র চূড়ান্ত খসড়া তালিকা থেকে অসমের ৪০ লক্ষ বাসিন্দার নাম বাদ গিয়েছে। এই বিষয়ে অসমের বংলাভাষীরা শঙ্কিত। তাদের পাশে দাঁড়াতে শিলচরে যাওয়া দলের আট সদস্যের প্রতিনিধিদলকে অসমের বিজেপি সরকার নিগ্রহ করেছে বলে অভিযোগ তৃণমূলের। সেই ঘটনার প্রতিবাদ জানাতেই দু’দিন ব্যাপী কালা দিবস পালনের ডাক দেয় রাজ্যের শাসকদল।
এদিন কলকাতা সহ রাজ্যের সমস্ত ব্লকে কালাদিবস পালন করেন তৃণমূলের নেতা-কর্মীরা। ‘দানবিক সরকার আর নেই দরকার’— এই স্লোগান দিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে প্রচার করাই কালাদিবসের অন্যতম উদ্দেশ্য। এনআরসি নিয়ে অসম সরকারের সিদ্ধান্ত আদতে বিজেপির, তাই কালাদিবস পালনের মাধ্যমে কেন্দ্রের শাসকদলের বিভাজনের রাজনীতি সম্পর্কে মানুষকে সজাগ করাই তৃণমূলের প্রধান লক্ষ্য। দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, এনআরসি’র মতো দানবিক সিদ্ধান্ত ও দলীয় প্রতিনিধিদের লাঞ্ছনার প্রতিবাদ সংসদে যেমন করা হয়েছে, তেমনই রাজ্যের সর্বত্র তা ছড়িয়ে দেওয়া হবে।



