ভারতরাজনীতি

ফের অভিযোগ মমতার বিরুদ্ধে, তদন্তে কলকাতায় অসম পুলিস

রূপসী বাংলা ডেস্ক:বাংলার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ফের নতুন করে এফআইআর হল অসমে। শুক্রবার শিলচর থেকে কলকাতায় ফিরে তৃণমূলের প্রতিনিধিদলের যে তিন মহিলা সদস্য অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়ালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। তার ২৪ ঘণ্টার মধ্যে এবার নতুন করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে এফআইআর দায়ের হল গুয়াহাটির গীতানগর থানায়। গুয়াহাটি কেন্দ্রিক অসম পাবলিক ওয়ার্কস নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা ওই এফআইআরটি দায়ের করেছে। অভিযোগপত্রে ওই স্বেচ্ছাসেবী সংস্থা জানিয়েছে, অসমে শান্তিশৃঙ্খলা নষ্ট করতে চক্রান্ত করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গুয়াহাটি পুলিস সূত্রে জানা গিয়েছে, ভারতীয় দণ্ডবিধির ১২০বি, ১৫৩এ /২৯৮ ধারা অনুযায়ী অভিযোগ দায়ের হয়েছে। তবে ওই সংস্থা শুধু মুখ্যমন্ত্রীই নয়, পুরমন্ত্রী ফিরহাদ হাকিম এবং ২ আগস্ট শিলচর বিমানবন্দরে আসা তৃণমূল প্রতিনিধি বাকি সাত সদস্যের নামেও অভিযোগ দায়ের করেছে। দু’পক্ষের এই চাপানউতোরে নাগরিকপঞ্জি ইস্যুতে দু’রাজ্যের সম্পর্কের যে অবনতি হচ্ছে, তা ইতিমধ্যেই বুঝে গিয়েছে সংশ্লিষ্ট সব পক্ষ। গীতানগর থানায় যে স্বেচ্ছাসেবী সংস্থাটি এদিন অভিযোগ দায়ের করেছে, তারাই সুপ্রিম কোর্টে আবেদন করে জানিয়েছিল, রাজ্যের অবৈধ ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়া এবং ১৯৯৫ সালের সিটিজেনশিপ অ্যাক্টের অধীনে প্রকৃত নাগরিকদের তালিকা তৈরি করা হোক। সেই আবেদনের সূত্রেই শুরু হয় এই নাগরিকপঞ্জি তৈরির প্রক্রিয়া।
এদিকে, শিলচর বিমানবন্দরের ঘটনা নিয়েও আবার বিতর্ক তৈরি হয়েছে। বিমানবন্দরে অসম পুলিসের মহিলা রক্ষীরা তৃণমূল জনপ্রতিনিধিদের সঙ্গে ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েছিলেন। ওই ঘটনাকে সামনে রেখে শুক্রবার রাতে উদারবন্ধ থানায় পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে বাদ দিয়ে বাকি সাতজনের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়া এবং পুলিসকে নিগ্রহের অভিযোগ দায়ের করা হয়েছে। সেই বিষয়ে বলতে গিয়ে কাছাড়ের পুলিস সুপার রাকেশ রৌশন শনিবার জানিয়েছেন, এই ঘটনার তদন্ত একজন ডেপুটি পুলিস সুপার পদমর্যাদার আধিকারিককে দিয়ে করানো হবে। প্রয়োজনে তদন্তের স্বার্থে অসম পুলিস পশ্চিমবঙ্গেও যাবে। এভাবে তদন্তে বঙ্গে আসার যে ইঙ্গিত দিয়েছেন পুলিসকর্তা, তাকে কোনওভাবেই ভালো চোখে দেখছে না বাংলার শাসকমহল। এই বিষয়ে তৃণমলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, বিজেপি যেভাবে তাদের শক্তি আর সরকারি ক্ষমতাকে ব্যবহার করছে, তা অতীতে কোনও দিন হয়নি। ভয় দেখিয়ে আর এফআইআর করে মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ আটকাতে পারেনি, বিজেপি তো কোন ছার!
নাগরিকপঞ্জি নিয়ে বাংলার মুখ্যমন্ত্রীর অবস্থানে ক্ষুব্ধ অসম বিজেপি আর তার যুব সংগঠন তাঁর বক্তব্যকে ষড়যন্ত্র ও উস্কানিমূলক দাবি করে পূর্ব লখিমপুর, পানবাজার এবং বশিষ্ঠ থানায় তিনটি এফআইআর দায়ের করে। যার প্রেক্ষিতে মমতা বলেছিলেন, লক্ষ এফআইআর করলেও তাঁকে দমানো যাবে না। এরপরই গীতানগর থানায় তাঁর বিরুদ্ধে নতুন এফআইআর যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। অসমের বিজেপির মুখপাত্র রাজদীপ রায়ের কথায়, মমতা বন্দ্যোপাধ্যায় অশান্তি তৈরির জন্য নানারকম কথা বলছেন। যা অসমের সাধারণ মানুষ ভালোভাবে নিচ্ছেন না। যে কারণেই তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হচ্ছে। রাজনৈতিক মহলের বক্তব্য, মমতা অসমে না এলেও তাঁর ছায়ার সঙ্গেই লড়াই করতে হয়েছে অসম প্রশাসনকে। তটস্থ থাকতে হয়েছে পুলিসকে। সে কারণেই তড়িঘড়ি ১৪৪ ধারা জারি করে তাঁর দলের প্রতিনিধিদের অসমে প্রবেশ করতে বাধা দেওয়া হয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension