
সময় গিয়েছে থেমে অনেক রয়েছে পথ
অনেক আগুন ঝরে তারকার দিন শেষ;
মাটিতে মিশেছে কতো সোনার বরণ রথ
তবুও রয়েছে আজ রূপসী রাতের রেশ।
যেতে চাই আমি রোজ পৃথিবীর পথ ধরে
পাহাড়ে জমেছে মেঘ আমি তার মুখোমুখি;
মরে গেছে সব তারা একটি তথাপি ঘোরে
কাহার গভীর প্রেম করেছে তোমায় সুখী?
স্বপনের দিন শেষে রোদের প্রখর তাপ
এখন জীবনে নেই মধুর মতন গান;
চারিদিকে আজ শুনি সততার অপলাপ
ফুলের মালার মাঝে প্রতারক শয়তান।
শৈশব আমায় ডাকে ধরেছি পিতার হাত
একটি পাখির গানে ভেঙেছে ঘুমের ঘোর;
তাঁহার নিয়তি হায়, সময়ের অপঘাত
আঁধারে গিয়েছে ঢেকে আমার প্রতিটি ভোর।
যেদিকে তাকাই আজ প্রতিভার অপচয়
রূপের আড়ালে দেখি কুৎসিত কঙ্কাল;
হিসাবের খাতা খুলে মনে জাগে সংশয়
আমার পাপের ক্ষমা করিবে কি মহাকাল!



