
শাহজালাল সুজন
হারিয়েছ তুমি দূর বহুদূরে
গিয়েছ হৃদয় খুলে,
পারিনি রাখতে উষ্ণ ছোঁয়ায়
হৃদের সবুজ কূলে।
পরিপাটি ছিল হৃদয় গালিচা
হেঁটেছ ঘুমর পায়ে,
কেন অগোছালো শব্দের ভিড়ে
প্রলয় এসেছে বায়ে?
সেবতি তোমার এত নাম কেন
কেন বহুরূপে থাকো?
শুভ্র মেঘের আয়নাতে তুমি
কখনো বা সাঁঝে ডাকো।
কৃষ্ণচূড়ার ডালে বধূ সেজে
লাজুক মুখের হাসি,
সর্ষের মাঝে হলুদ শাড়িতে
আঁচলে পরাও ফাঁসি।
শ্রাবণ গোধূলি খিড়কি রেখেছি
খুলে ছোঁয়া দিবে বলে,
ভাবিনি পটলের রঙ মেখে তুমি
প্রাণটা নিয়েছ ছলে।



