
কোমল দাস
সেদিন রাতে আমার ঘরে আসল ভূতের ছা
দাঁত ছিল তার দেহ ভরা চারটা ছিল পা,
ভয় পেয়ে খুব কাঁপছি যখন বলল ভূতে, চুপ!
আমায় দেখে কাঁপছ কেন, এটা কেমন রূপ?
ভূতকে দেখে ভয় পেও না ভূতরা অনেক ভালো
লক্ষ্মী খোকন একটু হাসো মুখ রেখো না কালো,
ভূতের মতো এত ভালো আর কেউ নেই ভবে
বলো খোকন বলো বলো বন্ধু আমার হবে?
ভূতরা ভীষণ শান্ত শ্রেণির, মমতাতে ঘেরা
জানো খোকন খুব অমায়িক ভূতের চলাফেরা?
ভূত কখনও ভয় দেখিয়ে দিয়ে গেছে ধোঁকা
এমন প্রমাণ একটাও কি পারবে দিতে খোকা?
ভূতের মাঝে নম্র ভদ্র গুণই শুধু আছে
বলো তবু ভূতের কেন নিন্দা করো পাছে?
বলো খোকন ভূতকে এত করো কেন ডর?
ভূতের থেকে মানুষেরাই বেশি ভয়ংকর।



