
শেখ হাসিনার পদত্যাগে নিউ ইয়র্কে বিজয় উল্লাস
জলি আহমেদ, নিউ ইয়র্ক থেকে: শেখ হাসিনার পদত্যাগের খবরে বাংলাদেশের ন্যায় যুক্তরাষ্ট্রেও বিজয় উল্লাস হয়েছে। নিউ ইয়র্কের জ্যামাইকাতে প্রবাসীরা এই বিজয় উল্লাসে মেতে ওঠেন।
বিজয় উল্লাসের আয়োজন করে ‘বাংলাদেশ অ্যাসেম্বলি অব ইউএসএ’। এতে লাল-সবুজের পতাকা হাতে সব শ্রেণীপেশার মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে অংশ নেন শত শত নানা বয়সি প্রবাসী বাংলাদেশী।
কর্মসূচি শুরু হয় জাতীয় সংগীতের মাধ্যমে। বাংলাদেশ অ্যাসেম্বলি অব ইউএসএ-এর সভাপতি মো. শামীম হাসান বলেন, বাংলাদেশের মানুষ এতদিন যে কষ্ট করেছে তার বিস্ফোরণ আজ দেখা গেছে। এই তরুণ সমাজ রক্ত দিয়ে স্বাধীনতা এনে দিছে। যা আমরা কখনো ভুলবো না।
বাংলাদেশ অ্যাসেম্বলি অব ইউএসএ-এর সাধারণ সম্পাদক মুহাম্মদ ইসলাম (কলিম) বলেন, বাংলাদশে আজ যে গণজোয়ার সৃষ্টি হয়েছে তা থামার নয়। আপনারা সবাই খেয়াল রাখবেন যাতে কোনো ধরনের বিশৃংখলা না হয়।
মহিলা সম্পাদক জাকিয়া সোলাইমান বলেন, আমরা বাংলাদেশকে পরিপূর্ণ স্বাধীন না করে থামতে চাই না। সবাই সজাগ থাকবেন, যাতে দেশে কোনো বিশৃঙ্খলা না হয়।
বিজয় উল্লাসে উপস্থিত ছিলেন- সংঘঠনের সহ-সভাপতি আলমগীর হোসেন সরকার, দপ্তর সম্পাদক আতিকুল ইসলাম রফিক, ধর্মবিষয়ক সম্পাদক শাহাদাত হোসেন, মিয়া ফয়েজ আহমেদ (জুয়েল), যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন।
আরো ছিলেন, কমিউনিটি ব্যক্তিত্ব জ্যমাইকা ফ্রেন্ড সোসাইটির সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার, এবিএম গনি, রাজনীতিবিদ ও বাংলাদেশ পত্রিকার সম্পাদক ড. ওয়াজেদ খানসহ আরো অনেকে।



