
নুশরাত রুমু
বিস্তীর্ণ নীল আকাশে
টুকরো মেঘের ঠোকাঠুকিতে
বাজে শরতের আগমনী,
বর্ষার সমাধির মাটি
এখনও সৌরভ ছড়ায়।
ঘাসের ডগার সতেজতায়
সিক্ত হলো পাণ্ডুর মন।
যত ভুলত্রুটি, যত খুনসুটি
দিগন্ত রেখায় সব হবে বিলীন…
রূপময় বাংলার মায়াবী পথে পথে
সূর্যের সোনালি আলোর বৈভব।
বহতা নদী চলেছে মোহনার খোঁজে ,
কাশবনের শুভ্র আলিঙ্গনে
জেগে ওঠে স্মৃতির পাণ্ডুলিপি।



