
১
একলা বিকেল মেঘলা মানেই
চোখের কোণের বিন্দু জলে
কফির কাপের আলতো চুমুক
হাজার স্মৃতির গল্প বলে।
পলকা ছাঁটের আলতো আদর
ঘড়ির কাঁটায় থমকে থাকে
আবেগ ভেজে ক্লান্ত এ মন
মায়ায় মায়ায় জড়িয়ে রাখে।
এমন সময় না জানিয়েই
হঠাৎ ভারী বৃষ্টি এলে
তুমুল ভেজার সুখ কি পাবি?
যাস যদি মন আমায় ফেলে।
২
তবু তুই পৌষ বিকেলে মায়ার মতো জড়িয়ে যখন
পিছুডাক উপেক্ষাতে এগিয়ে যাওয়ার প্রবল তাড়া
প্লেটনিক অনুভবে ঘোর লাগা এই দু’চোখ তখন
পালাতে চেয়েও আবার পিছন ফিরে দিচ্ছে সাড়া।



