
মূল: পাবলো নেরুদা
অনুবাদ: টিটো মোস্তাফিজ
আমি তোমাকে একটি কথা জানাতে চাই
তুমি জানো ব্যাপারটা কেমন
যখন আমি পূর্নিমার চাঁদের দিকে তাকাই
জানালার ওপাশে ধীর শরতে লাল
হয়ে যাওয়া গাছের শাখাটির দিকে তাকাই
যদি আগুনের কাছে স্পর্শ করি স্পর্শাতীত ছাই
কিংবা, কাঠের গুঁড়ির কুঁচকানো ছাল
সবকিছু আমাকে তোমার কাছে নিয়ে যায়।
যেন যা কিছুর অস্তিত্ব আছে,
সুগন্ধি, আলো, ধাতু; ছিল ছোটো ছোট নৌকা
যা তোমার ঐ সব দ্বীপে যাত্রা করে
যা আমার জন্য অপেক্ষা করছে।
আচ্ছা, এখন, যদি তুমি একটু একটু করে
আমাকে ভালোবাসা থামিয়ে দাও
আমিও একটু একটু করে তোমাকে
ভালোবাসা থামিয়ে দেবো।
যদি হঠাৎ আমাকে ভুলে যাও
আমাকে খুঁজতে এসো না
কারণ আমি তোমাকে ভুলে যাবো।
তোমার যদি মনে হয় এটা দীর্ঘ আর উন্মাদ
আমার জীবনে প্রবাহিত পতাকার বাতাস
আর আমাকে সৈকতে ত্যাগ করতে চাও
যেখানে আমার হৃদয়ের শেকড় প্রোথিত।
স্মরণ কোরো, সেই দিনের সেই ঘন্টায়
আমি আমার হাত তুলবো
আমার শেকড় অন্য ভূমির সন্ধানে রওনা হবে।
কিন্তু
যদি একেকটা দিন
একেকটা ঘন্টা
তোমার যদি মনে হয় তুমি আমারই জন্য
নির্দয় মিষ্টতাসহ
প্রতিটি দিন যদি একটি করে ফুল হয়
তারা আমাকে খুঁজে পেতে
বেয়ে উঠে তোমার ঠোঁট অবধি।
আহা, প্রেম আমার, একান্ত নিজস্ব
আমার মধ্যে আগুন গুলো ফিরে ফিরে আসে
আমার মধ্যে কোনকিছু নিভে যায় না
কিংবা বিস্মৃতির অন্তরালে হারায় না।
আমার প্রেম বাঁচে তোমার প্রেম নিয়ে, প্রিয়
আর যতদিন তুমি এটা ধারণ করবে
এটা তোমার বাহুডোরে বাঁধা থাকবে
আমাকে পরিত্যাগ না করে।
চিলির কবি পাবলো নেরুদার “ইফ ইউ ফরগেট মি” কবিতার বাংলা অনুবাদ।



