
কোমল দাস
মধ্যরাতে কাল গিয়েছি যেই শাহবাগ মোড়ে
এক ভূত এসে অমনি বলে আজ পেয়েছি তোরে,
করছি আমরা ভূতরা মিলে চরম আন্দোলন
শুনবি কারণ শোন তাহলে ধৈর্য ধরে শোন।
যায় না ইলিশ ইন্ডিয়াতে তাতেই যত জ্বালা
ওদেশ থেকে সব ভূত এসে করছে ঝালাপালা,
দখল ওরা করেছে যে মোদের বসতবাড়ি
সব ইলিশই খাচ্ছে ওরা বিচার তো চাই তারই।
আমরা তো মাছ খুব ভালো খাই এতো তোদের জানা
যায় কি মানা ভিনদেশি ভূত ইলিশে দিলে হানা?
ব্যর্থ হলে ভূতের দাবি বুঝবি তখন ধারা
মোদের দাবি জলদি করে ভিনদেশি ভূত তাড়া।



