
ইমন হোসেন মিলন
বারবার আমি ভিজে যাই আঁধারের বৃষ্টিতে,
অনিশ্চয়তার ঠান্ডা জলে হিম হয়ে আসে-
শিরা,উপশিরা আর ধমনী!
মস্তিষ্কের নিউরনে বয়ে যায় সহস্র স্রোত,
আমি যেন উড়ে যাই হলুদ পাতার মতো,
ঝড়ো হাওয়ায় দূর- বহুদূর অজানায়।
লক্ষ্যহীন ভ্রষ্ট কোকিলের মতো,
অনর্থক ঘুরে ফিরি দিগ থেকে দিগন্তের পানে;
চারদিক ছেয়ে আছে আলোহীন ধূসর ছায়ায়,
ফুল ফোটার আগেই ফুরিয়ে যায় আমার বসন্ত!
পাঁজরে লেপ্টে আছে আষাঢ়ের কালো কালো মেঘ,
অহর্নিশি শুনে যাই মেঘের নিনাদ, শুধুই নিনাদ।



