
ইমন হোসেন মিলন
সভ্যতা হারিয়ে ফেলেছে শুভ্রতা,
তার রন্ধ্রে রন্ধ্রে মায়াজাল;
স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টি আটকা পড়েছে অসুস্থ অন্ধকারে,
নগ্নতা পেয়ে গেল সামাজিক স্বীকৃতি,
অন্তর্জাল আলোড়িত অশ্লীল হাওয়ায়,
সভ্যতা হারিয়ে ফেলেছে শুভ্রতা।
ধরিত্রী হেঁটে চলছে ধ্বংসোন্মুখ,
নিসর্গ হারালো নিরাপত্তা,
মানব হারালো মনুষ্যত্ব,
পুঁজিবাদ আর শ্রেণি বৈষম্যের দুনিয়ায়,
নিত্য নিত্য পরাজিত দুর্বল;
মানুষ নামের মুখোশের আড়ালে,
শোনা যায় হিংস্র হায়নার হাসি;
যুদ্ধের দামামা শুনতে শুনতে বধির সপ্ত মহাদেশ,
পিশাচের হাতে কারাবন্দি শান্তির শুভ্র পায়রা।
ধরিত্রী হারালো আলো,
সভ্যতা হারিয়ে ফেলেছে শুভ্রতা।



