
সেই দিনও কি এমন ছিল?
অফিসের বারান্দাটাতে
প্রতাপশালী মেঘ দাপুটে
বিকাল নামার আগেই রাত
বুক চমকানো বজ্রপাত
গুমোট আকাশ হঠাৎ কালো,
আবির আলো পালিয়ে গেল।
এমন ছিল?
অক্টোবরের দমকা হাওয়া
তেছড়া সব বৃষ্টি ছাওয়া।
জলে মুখে মাখামাখি।
চোখের জল ঢাকাঢাকি।
সবে শোনা সম্মতিতে।
কী দারুণ দমবন্ধতে।
মন প্রবল এলোমেলো-
এমন ছিল?
গুমোট বুক, গুমোট সময়
দূর, তবুও দূর নয়।
মেঘলা মন, মেঘলা চোখ
মেঘলা আরশি আড়াল হোক।
নিজের মুখ অচেনা খুব,
সরব ধরা আচমকাই চুপ।
খুব ভালো, তবু নয় যে ভালো,
এমনই ছিল?
আনুভূমিক অনুভূতি
পাগলকরা চোখ মিনতি।
থমধরা নীরবতায়,
কথা সব পথ হারায়।
মিছে সাধা অবিরাম
জপি সেই ডাকনাম।
এতদিনের গোছানো জীবন
গোছানো ঘর, গোছানো মন
মুহূর্তে সব অগোছালো
এমন ছিল?
বলো, এমন ছিল?



