কবিতাসাহিত্য

নিভৃত নিনাদ

ইমন হোসেন মিলন


কিছু কষ্ট লুকিয়ে থাক ভয়ার্ত মাছরাঙার মতো,
বুকের নিভৃত গহ্বরে;
কিছু কষ্ট নীরবে চিৎকার করুক বুকের আঁধারে,
মৃত সন্তান প্রসব করা বোনের… বুকফাটা অস্ফুট গোঙানির মতো!
কিছু বেদনা ভেঙে পড়ুক আষাঢ়ের থমথমে মেঘের মতো,
স্বপ্নের নির্জীব অরণ্যে।
কিছু হাহাকার স্ফুলিঙ্গের মতো জ্বলে উঠুক মনের উষর মরুতে,
কিছু জলোচ্ছ্বাস ভেঙে দিক অশ্রুর বেড়িবাঁধঃ- নিঃশব্দে, অগোচরে।
অস্তিত্বের সবটুকু শূন্যতা জুড়ে,
কিছু কান্না জমতে জমতে গড়ে উঠুক বরফাচ্ছন্ন সীমাহীন এন্টার্কটিকা,
কিছু আহত স্বপ্ন ঘুমিয়ে থাক রিপভ্যান উইংকলের মতো,
যুগযুগ চেতনাহীন!
কিছু অপূর্ণতা আগ্নেয়গিরির মতো জ্বলতে থাকুকঃ
প্রাণে,মনে আর মস্তিষ্কের সমস্ত নিউরনে।

বিষাদের সমুদ্র প্রলয়ঙ্কর সুনামিতে চুরমার করে দিক
জীবনের উপকূল;
তবু কেউ না জানুক,
কতটা কষ্টে তোলপাড় আমার অন্তর আত্মা,
কতটা ঝড়ে লন্ডভন্ড আমার সাজানো পৃথিবী,
কাউকে শোনাতে আসবনা আর বেদনার কবিতা,
আমি আর আসবো না, কোনোদিন আসবো না …

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension