বাংলাদেশ

নির্বাচনকালীর সরকারে বিএনপির কেউ থাকবে না : কাদের

রূপসী বাংলা ডেস্ক:নির্বাচনকালীর সরকারে বিএনপির কেউ থাকবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘টেকনোক্রেট কোটায় বুদ্ধিজীবী আছে, সুশীল সমাজ আছে, বিভিন্ন শ্রেণিপেশার লোক আছে, তাদের থেকে নেওয়া যায়। নিলে তাদের নেব, দল থেকে কেন নেব?’

আজ শুক্রবার সকালে রাজধানীর মহাখালীতে ঘরমুখো মানুষের ঈদযাত্রা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন কাদের।

সেতুমন্ত্রী বলেন, ‘পার্লামেন্টে তাদের (বিএনপি) কোনো প্রতিনিধি নেই। যখন আসার সুযোগ ছিল তখনও তারা আসেনি। তাদের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত অফার করা হয়েছিল কিন্তু তারা আসেনি। এবার তারা পার্লামেন্টে উপস্থিত নেই। আমরা তো এবার তাদের ডাকতে হবে এমন কোনো চিন্তা নেই।’

বিএনপি নির্বাচনে না এলে রাজনীতির ভবিষ্যত কী-এমন প্রশ্নে কাদের বলেন, ‘পদ্ধতিটা আমাদের সংবিধানের। পদ্ধতিটা বাংলাদেশের সংবিধানই নির্ধারণ করে দিয়েছে নির্বাচনটা কীভাবে হবে। আর সংবিধানের এই দায়িত্বটা থাকবে নির্বাচন কমিশনের ওপর। সাংবিধানিকভাবে নির্বাচন পরিচালনার যাবতীয় ব্যবস্থা তারা গ্রহণ করবে। ইতিমধ্যে নির্বাচন কমিশন জানিয়েছে, তাদের সব প্রস্তুতি গ্রহণ করা হয়ে গেছে। লেভেল প্লেইং ফিল্ডের বিষয়টাও নির্বাচন কমিশন ইলেকশন শিডিউল ঘোষণার পরপর, লেভেল প্লেইং ফিল্ড কীভাবে হবে সেটাও নির্বাচন কমিশনের হাতে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘দেশে মোটামুটি স্বস্তিদায়ক নির্বাচন পরিচালনার জন্য একটা শান্তিময় পরিবেশ বিরাজ করছে, এই শান্তিময় পরিবেশটাকে ভয়ঙ্কর রূপ দেওয়ার জন্য বিএনপি এবং তাদের দোসররা উঠে পড়ে লেগেছে।’

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘এক এগারোর মতো ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টির চক্রান্তটা কিন্তু বিএনপি করছে, মিডিয়ার একটি অংশ তাদের সহযোগিতা করছে। ১/১১ এর কুশীলবদের সঙ্গে মিডিয়ার একটি অংশ ছিল তাদের সহযোগী। এখনও একই ষড়যন্ত্র বিএনপিই করে যাচ্ছে। দেশের মানুষ, আমাদের সরকারে ওপর খুশি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর খুশি, আমাদের উন্নয়ন অর্জনে জনগণ খুশি। আমরা জানি জনগণ উন্নয়নের দিকে রায় দিবে, মুক্তিযুদ্ধের পক্ষে আবারও রায় দিবে। মুক্তিযুদ্ধের প্রতি বিএনপি এবং তাদের দোসররা হুমকি সৃষ্টি করছে।’

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension