
সারমিন চৌধুরী
মেঘ থেকে বৃষ্টি হয়ে ঝরে পড়া
নির্দয় আকাশ বিসারের প্রীতিহীন বিষ-
ছড়িয়ে যাচ্ছে রন্ধ্রে ধ্বংশ করার অভিপ্রায়ে
ঝলমলে জোছনা ভরা রাত ডুবে গিয়ে
ভাসিয়ে নিচ্ছে অনুভূতির চরাচর নিঃশব্দে।
কিনারে জমা ধূলি ভোরের দর্পণে জেগে উঠছে
ধূসর রশ্মির প্রাতিস্বিক ভয়ঙ্কর ক্রোধে।
চোখের নিচের কালশিতে কয়েদ হয়ে থাকা প্রেম
বিষণ্ণ হিম শিহরণে জানান দেয় তার উপস্থিতি!
যে চূর্ণ খোয়াবকে জড়োসড়ো করতে মরিয়া
তন্দ্রাচ্ছন্ন এই বিদঘুটে অন্ধকার রাত্রি জুড়ে।
যে বারবার সজোরে বলছে ফিরে এসেছি!
পুনরায় বসো আমার বুকে অগাধ বিশ্বাসে
তখন, মুমূর্ষু সময়েরা অতীতকে স্মরণ করতেই
অদৃশ্যমান চোখের আবছায়ায় জাগে ভীতি
উপরে না তাকিয়ে দৃষ্টি থাকে মাটির দিকে,
নিমগ্ন প্রার্থনায় আর জ্বালে না চেনা কুলদীপ
সন্দিগ্ধ মন শীতের হলুদের মতো মরে যায়।



