
তুহীন বিশ্বাস
সেই ঝিঁঝিঁ ডাকা সন্ধ্যে শুনশান নীরব
এলোমেলো জোনাকির নিবুনিবু আলো;
তারকাপুঞ্জ নিখোঁজ হয় মেঘের রাজ্যে
দীঘির জলে কুৎসিত অদ্ভুতুরে আতঙ্ক।
ডাইরির পাতাগুলো উইপোকা’র দখলে
যেখানে স্মৃতিগুলো মমি করা ছিল যত্নে ;
আমি আমার ফাঁসি চেয়েছিলাম সেথায়
ব্যর্থতার দায় চাপে ওই ধর্মগ্রন্থের পৃষ্ঠায়।
মহানিশায় থরথর করে বুক কেঁপে ওঠে
আর দীর্ঘায়িত হয় নির্ঘুম রাতের গল্পটা ;
অন্ধকারে বারংবার সুবেহ-সাদিক খুঁজি
বসন্ত বাতাসের প্রত্যাশা অধরা রয়ে যায়।



