
ইমন হোসেন মিলন
উৎসর্গ; নজরুল একাডেমির সকল বন্ধুর প্রতি।
শৈশব, কৈশোর, যৌবন জুড়ে মোরা একসাথে,
হৃদয়ে বুনেছি প্রণয়ের জাল, হাত রেখে হাতে।
প্রাণে রেখে প্রাণ গেয়ে গেছি গান মাঠ, ঘাট, প্রান্তরে,
বন্ধুরা মোর ভালোবাসা নিয়ো পুরোটা হৃদয় ভরে।
কখনো নিকটে কখনো বা মোরা চলে যাই বহুদূরে,
প্রাণের বাঁধন ছিঁড়ে না তবুও, স্মৃতি হয়ে সাথে ঘুরে।
এই ভালোবাসা স্বার্থবিহীন, কেবলই বুকের টান,
একই আত্মার ভিন্ন চেহারা, মোরা সবে এক প্রাণ!
আমরা নদীর ভিন্ন প্রবাহ মিলে গেছি মোহনায়,
একই কল্লোলে সুখে আর দুখে ঢেউ হয়ে ছুটে যায়।
দেখেছি আঁধারে আর কেউ নেই নেমেছে যখন রাতি,
বন্ধু কেবল প্রবল স্নেহতে জ্বেলে দেয় মোমবাতি।
জীবন বৃক্ষে ধ্রুপদী শিকড় বন্ধুরা চিরদিন,
ভালোবেসে মোরে করলে ধন্য মিটবে না এই ঋণ।
শুধু বলে যাই আত্মায় ঠাঁই নিয়েছ তোমরা প্রেমে,
ভালোবাসি আমি, সেদিনও বাসবো- যদি যায় প্রাণ থেমে।



