
তাহমিদ হাসান
ধান কাটা হয়ে গেছে, নগ্ন নারীর মতন শুয়ে আছে প্রান্তরের ক্ষেত
শুকনো মাটির বলিরেখা যেন প্রাগৈতিহাসিক পৃথিবীর মুখপাত্রী;
চড়ুই পাখির সাথে দুপুরের দুরন্তপনা ফড়িং এর অভিপ্রেত
নদীর দু’কূলে আজ শীতের শীর্ণতা মন মাঝি অজানার অভিযাত্রী।
রোজ তবু সূর্য ওঠে দিনের উত্তাপ মুছে দেয় কুয়াশার পদচিহ্ন
বিচালির গন্ধ গায়ে মেখে সারাদিন সূর্য স্নান করে পরিযায়ী পাখি;
মাটি আর মানুষের মহাকাব্যিক মিলন দ্যাখে কে আর পৃথিবী ভিন্ন
প্রকৃতি পূর্ণতা পায় শুরু হয় আগমনী গান ঝড় উঠলে বৈশাখী।
সূর্যাস্তের সংকেতে নক্ষত্রের নিমন্ত্রণে আঁধার পেতেছে তার জাল
কেহ তাই ঘরে ফেরে কেহ ফাঁসে রাতের মতন রূপসীর ছলনায়
ঘুমায়েছে মেঠো পথ শবনম বুলায় তাহার বুকে প্রলেপ মধুর।
সোনার বরণ ধানে ভরেছে তরণী বাতাসের গানে নাচে নৌকার পাল
পূর্ণতার পরিণতি একদিন মিশে যাবে ক্ষেতের মতন শূন্যতায়
ধান কাটা হয়ে গেলে ফসলের ক্ষেতে বাজে বেদনার বেহালার সুর।



