
সারমিন চৌধুরী
সূর্যের অভিমুখে হৃদয় খুলে বসি
চোখের কোণে লুকিয়ে রাখি ভোরের শিশির
তন্দ্রা নিমীল অলস চোখে জাগে বিদীর্ণ বিস্ময়!
কুয়াশা মোড়া এই ধোঁয়াটে সকাল মুছে দিয়ে
আলোর পানে খুঁজে নেয় নিরুদ্বিগ্ন উষ্ণতা;
যে শীতের তীব্রতা ভুলে উঠে দাঁড়াতে চাই,
ভেঙে দিতে চাই স্বোপার্জিত জোছনায় থাকা
শুভ্র বরফের কর্তৃত্ব চিরতরে স্বপ্নীল ছোঁয়ায়।
মেঘের ভেতর বিশোধিত আলোকে তাড়াতেই
হৃদয় কায়ক্লেশে কেন জাগে একদল হন্তারক?
খুন করে বসন্ত প্রেমের স্মৃতি প্রবল ঈর্ষায়,
অতঃপর প্রেম খুঁড়লে বের হয়ে আসে ঘৃণা
অভিসম্পাতে অভিশপ্ত হয় প্রথম চুম্বন!
সেই ঠোঁটে লেগে থাকে আজম্ম পাপের দাগ।



