আন্তর্জাতিক

তালেবানের শীর্ষনেতাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন

আফগানিস্তানে নারীদের ওপর নিপীড়নের অভিযোগে তালেবানের শীর্ষ নেতাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান প্রসিকিউটর করিম খান।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বিবিসি।

আইসিসির প্রধান প্রসিকিউটরের দাবি, তালেবানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা এবং প্রধান বিচারপতি আব্দুল হাকিম হাক্কানি ‘নারীদের বিরুদ্ধে লিঙ্গভিত্তিক নিপীড়নের মাধ্যমে মানবতার বিরুদ্ধে অপরাধ’ সংঘটিত করেছেন এবং এ জন্য তারা দায়ী।

করিম খান বলেন, ‘আফগানিস্তানে নারীদের শিক্ষা ও কাজের সুযোগ বন্ধ করে দেওয়া হয়েছে, মৌলিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে, এমনকি সমকামী সম্প্রদায়কেও ভয়াবহ দমন-পীড়নের শিকার হতে হচ্ছে।

তিনি বলেন, ‘আমাদের এই পদক্ষেপের মাধ্যমে স্পষ্ট বার্তা দেওয়া হচ্ছে যে, আফগানিস্তানে নারীদের প্রতি বর্তমান আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়’।

এখন আইসিসির বিচারকরা এই আবেদন পর্যালোচনা করবেন এবং তাদের সিদ্ধান্তের ভিত্তিতে গ্রেফতারি পরোয়ানা জারি করা হতে পারে। অথবা এই আবেদন খারিজও হতে পারে। তবে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হতে কয়েক সপ্তাহ বা মাসও লাগতে পারে।

২০২১ সালে ক্ষমতা গ্রহণের পর থেকে তালেবান নারীদের শিক্ষার অধিকার বন্ধ করে দিয়েছে, কর্মস্থলে প্রবেশ নিষিদ্ধ করেছে এবং ঘরের বাইরে চলাফেরার ক্ষেত্রেও কঠোর বিধিনিষেধ আরোপ করেছে।

জাতিসংঘ, মানবাধিকার সংস্থা এবং বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন তালেবানের এসব নীতির বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। আফগানিস্তানের ভবিষ্যৎ সম্পর্কে উদ্বেগ প্রকাশ করে অনেক দেশই তালেবানের উপর নিষেধাজ্ঞা এবং কূটনৈতিক চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছে।

তালেবান সরকার এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে অতীতের অভিজ্ঞতা বলছে, তারা আন্তর্জাতিক আদালতের এমন পদক্ষেপকে ‘পাশ্চাত্যের রাজনৈতিক চাল’ বলে দাবি করতে পারে এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হিসেবে আখ্যা দিতে পারে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension