
জামায়াত সব সময় মুনাফেকি করেছে: রিজভী
জামায়াতে ইসলামীকে বিএনপি সমর্থন করে না বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী আহমেদ। তিনি বলেছেন, ‘আমরা জামায়াতকে সমর্থন করিনি। বিএনপির উদারতার কারণে তারা বাংলাদেশে প্রথম রাজনীতি করার সুযোগ পায়।’
বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ অধ্যাপক আব্দুল ওয়াহেদ মণ্ডলের ২৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রিজভী।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, পতিত স্বৈরাচার সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার অবৈধ ক্ষমতা দীর্ঘায়িত করতে বাংলাদেশের স্বাধীনতা বিক্রি করেছিলেন। দুর্নীতির মহারানি দেশ থেকে ২৮ হাজার কোটি টাকা পাচার করেছেন তার পরিবারের নামে। দেশটাকে অর্থনৈতিকভাবে পুঙ্গ করে ফেলেছেন। তার ছেলে জয় ও মেয়ে পুতুলের নামে বিদেশে গড়েছেন অবৈধ সম্পদের পাহাড়।
তিনি বলেন, ‘আমরা জামায়াতকে সমর্থন করিনি। বিএনপির উদারতার কারণে তারা বাংলাদেশে প্রথম রাজনীতি করার সুযোগ পায়। কিন্তু সব সময় এই দলটি মুনাফেকি করেছে। শেখ হাসিনা পাসপোর্ট-ভিসা ছাড়া ভারতে বসে দেশের বিরুদ্ধে কথা বলছেন।
উসকানি ছড়াচ্ছেন। সেই ভারত আপনাদের কাছে প্রিয় হয়ে গেল, এটা খুবই দুঃখজনক।’
রুহুল কবীর রিজভী বলেন, ‘সংস্কারের নামে গণতন্ত্রকে মজবুত ও শক্তিশালী করার জন্য যে কাজগুলো রয়েছে, সেই ক্ষমতা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। গণতান্ত্রিক সরকার নেই বলে এখন বিনিয়োগ হচ্ছে না বা বিনিয়োগ করতে কেউ সাহস পাচ্ছে না। কারণ অন্তর্বর্তী সরকার হচ্ছে সাময়িক সময়ের সরকার।’
তিনি আরো বলেন, ‘মানুষ অনিশ্চয়তার মধ্যে আছে। একটা ধোঁয়াশার মধ্যে আছে। এই অনিশ্চয়তা কাটানোর জন্যই রাজনৈতিক সরকার দরকার। জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দেবে, জনগণের ইচ্ছার প্রতিফলন যাতে ঘটাতে পারে, সে ধরনের সরকার দরকার। তাহলে অর্থনীতির যে সংকট, বৈদেশিক ঋণের ওপর যে নির্ভর করতে হচ্ছে, রিজার্ভ আবার কমতে শুরু করেছে, দিগন্ত রেখায় যে কালো মেঘ জমাট হচ্ছে, এগুলো দূরীভূত করতে হলে অবশ্যই নির্বাচিত সরকারের পথে হাঁটতে হবে।’



