
তুমি তো জানো না কিছু—অতৃপ্ত আত্মায় শতাব্দীর
কোলাহল ছিল একদিন—তোমার পথের প্রান্তে
এসে শেষ হয়ে যেত সব প্রেম; হয়ত অজান্তে
মাড়ায়ে গিয়েছো তুমি পারিজাত এই পৃথিবীর।
শবনম ঝরে গেছে হেমন্তের পাতার মতন,
তবুও তোমায় দেবী, প্রণয়ের রূপকথা ভেবে
হেঁটেছি হাজার পথ—সময় কী আর মূল্য দেবে
ক্লান্তিহীন সেই বেদনার—নেই তার প্রয়োজন।
মানুষ বদলে যায়, তবু আবেগের অনুভূতি
প্রজন্মের পেয়ালায় রাখে তার সুমধুর স্বাদ,
আমার ব্যথায় তাই কাঁদে কোনো অচেনা যুবতী।
হয়ত শোনেনি কেহ—আমার অনেক আর্তনাদ
তুলেছিল প্রতিধ্বনি—সাধ ও সাধ্যের অসঙ্গতি
দূর হতে দেখেছিল পূর্ণিমার অপার্থিব চাঁদ।



